ব্যাংকের ভেতরে নিরাপত্তাকর্মীর গলা কাটা লাশ
বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক ঠাকুরগাঁও সদর উপজেলার ফাঁড়বাড়ি শাখার নিরাপত্তা কর্মীকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ওই প্রহরীর নাম রবিউল ইসলাম (২৬)। তিনি সদর উপজেলার বড় বালিয়ার মোল্লাপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে।
ফাঁড়বাড়ি শাখার ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংক ছেড়ে যান। সন্ধ্যা সাতটার দিকে ব্যাংকের ভেতরে হট্টগোল হয়। হট্টগোল শোনে প্রতিবেশী এক ব্যক্তি ব্যাংকের ভেতরে উঁকি মারেন। সে সময় ভেতরে থাকা লোকজন জানায় তারা রবিউলের সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে কথা বলছে। এর কিছুক্ষণ পর ভেতর থেকে চিৎকার শোনা গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ব্যাংক ঘিরে রেখে পুলিশে খবর দেয়। এ সময় দুর্বৃত্তরা ব্যাংকের শৌচাগারের চালার টিন ভেঙে পালিয়ে যায়। পুলিশ গিয়ে ব্যাংকের দরজার তালা খুলে ভেতরে রবিউলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।
তৌফিকুল ইসলাম বলেন, রবিউল গত বছরের ১৭ ডিসেম্বর তাঁর শাখায় যোগদান করেন। তিনি ব্যাংকের ভেতরেই থাকতেন। ব্যাংকের কোনো জিনিস হারানো গেছে কিনা তখনো জানা যায়নি।
সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এটা কোনো ব্যাংক ডাকাতির ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।