ব্যাংকের মাধ্যমে লুট করা হচ্ছে জনগণের অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যাংকগুলোতে অনিয়ম বাড়ছে। ব্যাংকগুলোর দায়িত্ব জনগণের অর্থ রক্ষা করা, কিন্তু তা না করে উল্টো ব্যাংকগুলোর মাধ্যমে জনগণের অর্থ লুট করা হচ্ছে। এই অবস্থায় সরকারি ব্যাংকগুলোতে মূলধন ২০ শতাংশ কমে গেলেই পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
খেলাপি ঋণ নিয়ে করা এক গবেষণায়ও বলা হয়েছে, চাপে পড়ে নথিপত্র যাচাই না করে ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। এর ফলে তা খেলাপি হয়ে পড়ছে। আর্থিক প্রতিবেদন ভালো রাখতে এসব ঋণ অবলোপন করে ফেলছে ব্যাংকগুলো। প্রতিবছরই এখন অবলোপনের পরিমাণ বাড়ছে। অথচ অবলোপন করা ঋণ থেকে আদায় হচ্ছে মাত্র ৬ শতাংশ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) উদ্যোগে ‘ব্যাংকে ঋণ পুনঃ তফসিল ও অবলোপনের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ নিয়ে বিআইবিএম মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় বলা হয়, গত মার্চ পর্যন্ত ঋণ অবলোপন হয়েছে প্রায় ৪১ হাজার ৪৩৭ কোটি টাকা। শুধু গত পাঁচ বছরেই অবলোপন করা হয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকা। তারপরেও ব্যাংকগুলো অবলোপন করা ঋণ বাদ দিয়ে খেলাপির তথ্য প্রকাশ করছে। সব মিলিয়ে এখন দেশের ব্যাংক খাতে অবলোপনসহ খেলাপি ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এই অবস্থায় শীর্ষস্থানীয় খেলাপিদের তালিকা গণমাধ্যমে প্রকাশ এবং ঋণের অনৈতিক চাপ সামলাতে সমন্বিত পদক্ষেপ নিতে বলছেন ব্যাংকাররা। এ ছাড়া খেলাপি ঋণের জন্য দায়ী সংশ্লিষ্ট ব্যাংকারকে চিহ্নিত করে তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তাঁরা।
প্রায় চার দশক ধরেই অর্থনীতিতে খেলাপি ঋণ অন্যতম আলোচিত বিষয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একশ্রেণির ব্যবসায়ী নানা কৌশল করে ঋণ পুনঃ তফসিল ও অবলোপনের নামে খেলাপি থেকে নাম বাদ দিচ্ছেন। সেই ঋণও তাঁরা শেষ পর্যন্ত পরিশোধ করেন না। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এ রকম এক পরিস্থিতিতেই গবেষণাটি করেছে বিআইবিএম। প্রতিষ্ঠানটির মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের এ কে গঙ্গোপাধ্যায় চেয়ারের অধ্যাপক এস এ চৌধুরী।

>* ২০১৫ সাল পর্যন্ত ঋণ অবলোপন হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা
* ঋণের ৪৩.৬৬% মামলায় আটকা
* শীর্ষ খেলাপিদের তালিকা গণমাধ্যেম প্রকাশের সুপারিশ

গবেষণা প্রতিবেদনের তথ্যমতে, ২০১০ সালে ব্যাংক খাতে ঋণ অবলোপনের পরিমাণ ছিল ১৮ হাজার ৯৪৫ কোটি টাকা। ২০১৪ সালে অবলোপন করা ঋণ বৃদ্ধি পেয়ে হয় ৩৭ হাজার ২৫ কোটি টাকা। অবলোপন করা ঋণের মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকেই ১৮ হাজার ১৫১ কোটি টাকা, আর বেসরকারি ব্যাংকগুলোতে ১৩ হাজার ১৪৮ কোটি টাকা। ব্যাংকগুলোতে বড় ঋণে খেলাপি ৩ দশমিক শূন্য ৫ শতাংশ, মাঝারি ঋণে ৫ দশমিক ১৬ শতাংশ, ছোট ঋণে ১১ দশমিক ২১ শতাংশ এবং ক্ষুদ্র ও অন্যান্য ঋণে ১১ দশমিক ৭২ শতাংশ।
গবেষণায় দেখা গেছে, ২০১০-১৪ সময়ে ব্যাংকগুলো গড়ে খেলাপি ঋণের ১৬ শতাংশ অবলোপন করেছে। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো অবলোপন করেছে গড়ে খেলাপি ঋণের ৩১ দশমিক ১৬ শতাংশ, বিশেষায়িত ব্যাংকগুলো ৩৬ দশমিক ১৬ শতাংশ, বিদেশি ব্যাংক ৬ দশমিক ২৫ শতাংশ, বেসরকারি ব্যাংক ১০ দশমিক ৯২ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো ৭ দশমিক ৪৮ শতাংশ। আর একই সময়ে অবলোপন করা ঋণের মধ্যে মাত্র ৬ শতাংশ আদায় করতে পেরেছে ব্যাংকগুলো। আদায়ের হার অত্যন্ত কম এবং হতাশজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মন্দ মানে শ্রেণীকৃত পুরোনো খেলাপি ঋণ ব্যাংকের স্থিতিপত্র (ব্যালান্স শিট) থেকে বাদ দেওয়াকে ‘ঋণ অবলোপন’ বলা হয়। আর ঋণ দেওয়ার পর আদায় না হলে তা খেলাপি হয়ে পড়ে। যার বিপরীতে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়। অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে, অবলোপন করা ঋণও প্রকৃত খেলাপি ঋণ। যেসব ঋণ আদায়ের সম্ভাবনা একেবারে ক্ষীণ, সেসব ঋণকে আর্থিক হিসাবের সুবিধার্থে ব্যাংকের স্থিতিপত্র বা ব্যালান্স শিট থেকে বাদ দেওয়া হয়। এর ফলে ওই সব অনাদায়ি ঋণ লোকচক্ষু ও খেলাপি হিসাবের আড়ালে চলে যায়।
গবেষণা অনুযায়ী, খেলাপি ঋণের ৪৩ দশমিক ৬৬ শতাংশই মামলায় আটকা। এর মধ্যে আদায় হচ্ছে ২৬ দশমিক ২৬ শতাংশ। আদালতের বাইরে নিষ্পত্তি হয়ে আদায় হচ্ছে ৭ দশমিক ৮৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় নীতিমালা শিথিল করে। এর ফলে গ্রাহকেরা ঋণ পরিশোধের আগ্রহ হারিয়ে ফেলছেন। ব্যাংকগুলোকে এ ক্ষেত্রে শক্তভাবে ঋণ আদায়ের উদ্যোগ নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও চাপ থাকতে হবে। তিনি মনে করেন, খেলাপি ঋণ চোখের আড়াল করতেই অবলোপন করা হয়। গ্রাহককে বাড়তি সুবিধা দেওয়া হয়।
আলোচনা: গবেষণার পরিপ্রেক্ষিতে ব্যাংকারদের নিয়ে ফোকাস গ্রুপ আলোচনা করে বিআইবিএম। এই আলোচনায় বলা হয়েছে, খেলাপি হয়েও আদালতের স্থগিতাদেশ পাওয়া কিছু গ্রাহক ব্যাংক থেকে নতুন করে ঋণ পাচ্ছে। এসব ঋণ আবারও খেলাপি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব আলোচনার পরিপ্রেক্ষিতে গবেষণা প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে—নিয়ম করা উচিত, আদালতের আদেশ নিয়ে যারা খেলাপি হওয়া থেকে রক্ষা পাচ্ছে, তাদের নতুন ঋণ দেওয়া যাবে না। ১০০ কোটি টাকার বেশি খেলাপিগ্রহীতাদের তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হলে সামাজিক চাপ তৈরি হবে। তাতে ঋণ আদায় হতে পারে। ঋণ আদায়ে পৃথক এজেন্সি ও ব্যাংকগুলো মিলে সিন্ডিকেট করা যেতে পারে। এ ছাড়া প্রভাবশালী গ্রাহক ও স্বেচ্ছা খেলাপি গ্রাহকদের চাপ সামলাতে সরকার, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, ব্যবসা সমিতি ও গণমাধ্যমের সমন্বয়ে কমিটি করাও যেতে পারে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, খেলাপি ঋণ ব্যবস্থাপনায় ঋণ পুনঃ তফসিল ও অবলোপন এখন স্বল্পমেয়াদি কৌশল হয়ে গেছে। এসব কৌশল ব্যাংক খাতে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ব্যাংকগুলোর মুনাফা কমছে, ভালো গ্রাহকদের ওপরও চাপ পড়ছে। এ কৌশল ব্যাংকগুলোর মূলধনেও প্রভাব ফেলছে।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, যেসব ঋণ খেলাপি হচ্ছে, এ ঋণ কোন ব্যাংকার দিয়েছেন, তাঁকে চিহ্নিত করতে হবে। আগে এসব কর্মকর্তার পদোন্নতি ও ঋণ প্রদান ক্ষমতা কেড়ে নেওয়া হতো। কারও দেওয়া ঋণ খেলাপি হয়ে গেলে তিনি পদোন্নতি পেতে পারেন না। এমন পদ্ধতি করলে ঋণখেলাপি হওয়া কমতে পারে।
ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘বড় ঋণের পাশাপাশি ছোট ও মাঝারি ঋণও খেলাপি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ব্যাংকাররা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি। পুনঃ তফসিল মাঝে মাঝে হতে পারে, তবে এভাবে গণভাবে চলে না।’ রাষ্ট্র খাতের ব্যাংকগুলো প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ব্যাংকগুলোতে অনিয়ম হচ্ছে। ব্যাংকগুলোর দায়িত্ব জনগণের অর্থ রক্ষা করা, কিন্তু ব্যাংকগুলোকে দিয়ে জনগণের অর্থ লুট করা হচ্ছে। সরকারি ব্যাংকগুলোতে মূলধন ২০ শতাংশ কমে গেলে পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিতে হবে। এ ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দিলে ব্যাংকগুলো ভালো হতে পারে।
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম বলেন, দেশীয় অন্য ব্যাংকের তুলনায় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর নিম্নমান ও সন্দেহজনক ঋণ কম। তবে খেলাপি ঋণের মধ্যে মন্দ ঋণ বেশি।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী বলেন, আগে বড় ঋণ ঝুঁকি তৈরি করলেও এখন ছোট ও মাঝারি ঋণও ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বলেন, বেশি মুনাফার জন্য কিছু ব্যাংক অন্য ব্যাংকের ঋণ ক্রয় করেছে। এসব ঋণই পরে খেলাপি হয়ে যাচ্ছে। ঋণ অবলোপনের হিসাবকে আড়াল করে খেলাপি ঋণ কম দেখানো আর চলবে না। যদিও গণমাধ্যমগুলো এখন দুটো হিসাব করেই খেলাপি ঋণের তথ্য প্রকাশ করছে। ব্যাংকগুলো অন্য ব্যাংক থেকে খোঁজ না নিয়েই গ্রাহককে ঋণ দিয়ে বিপদে পড়ছে। অনেক ব্যাংক সঞ্চিতি কম সংরক্ষণের জন্য খেলাপি ঋণকে নিম্নমানে রেখে দিচ্ছে, এটা কোনোভাবেই ঠিক নয়।