ব্যাংকের সাত ব্যবস্থাপকের কাছে চাঁদা দাবি?
ঝালকাঠি জেলার কৃষি ব্যাংকের সাত শাখা ব্যবস্থাপকের কাছে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে মুঠোফোনে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা শহরের প্রধান শাখা, নবগ্রাম, বাসন্ডা, বিনয়কাঠি, নলছিটি উপজেলা সদরের প্রধান শাখা, তালতলা বাজার ও কাঁঠালিয়া উপজেলা শাখা ব্যবস্থাপককে চাঁদার জন্য হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
নলছিটির শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ আলী জানান, তাঁর মুঠোফোনে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ০১৯১০৩৪৩৯৮০ নম্বর থেকে একটি কল আসে। ফোন ধরলে একজন নিজেকে রফিকুল ইসলাম নামে পরিচয় দেন। এরপর নিজেকে সর্বহারা পার্টির ঝালকাঠির জেলাপ্রধান পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁর বাড়িঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার এবং তাঁর স্ত্রী ও সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে একইভাবে আরও ছয় শাখা ব্যবস্থাপককে চাঁদার জন্য হুমকি দেওয়া হয়।