ব্যাংকের সামনে তিনজনকে গুলি করে টাকা লুট
চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংকের সামনে আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা ও তাঁর সঙ্গে থাকা দুজনকে গুলি করে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাছড়া বাজারে পূবালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। তাঁরা ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য গাড়ি থেকে নামছিলেন।
গুলিবিদ্ধ তিনজন হলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এমরান উদ্দিন (৪০), তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম (৪০) ও গাড়িচালক বরুণ চৌধুরী (৪৫)। গাড়ির মধ্যে থাকায় অল্পের জন্য রক্ষা পান ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবরক্ষক শংকর চন্দ্র দে।
গুলিবিদ্ধ তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
টাকা লুটের পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তবে এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গাড়িচালক বরুণ চৌধুরী সাংবাদিকদের বলেন, এমরান উদ্দিন তাঁর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের টাকা জমা দেওয়ার জন্য গাড়ি নিয়ে পূবালী ব্যাংকের মিঠাছড়া শাখার সামনে যান। গাড়ি থেকে নামার সময় পাঁচ-ছয় জন যুবক তাঁদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে যুবকেরা গাড়ি থেকে টাকাভর্তি একটি থলে নিয়ে নেয়। পরে তাঁরা তিনটি মোটরসাইকেলে করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বেলা তিনটার দিকে তাঁদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে কর্মরত চিকিৎসক বলেন, এমরান উদ্দিনের কোমরের ডান দিকে, জাহাঙ্গীরের বুকের ডান পাশে এবং বরুণের ডান হাতে গুলি লেগেছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এমরান উদ্দিন গাংচিল ফিলিং স্টেশন, রিদোয়ান ফিলিং স্টেশন ও রংধনু ফিলিং স্টেশনের অন্যতম পরিচালক। এগুলো তাঁদের পারিবারিক প্রতিষ্ঠান। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম গাংচিল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলার শিকার গাড়িতে দুটি ব্যাগে ৭৩ লাখ ৬২ হাজার ৪৮০ টাকা ছিল। এর মধ্যে দুর্বৃত্তরা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ছিল।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এএসপি সাইফুল ইসলাম।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গুলির কোনো খোসা পাওয়া যায়নি। গাড়িতে লাগা গুলির ধরন দেখে মনে হচ্ছে, এগুলো দেশীয় তৈরি এলজি জাতীয় অস্ত্রের গুলি।
বিকেলে চমেক হাসপাতালে আহত এমরান উদ্দিনের বড়ভাবী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাশেদা আক্তার বলেন, শুক্র ও শনিবারের ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদের টাকা জমা দেওয়া হয় না। তাই রোববার ব্যবস্থাপক ও হিসাবরক্ষককে নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যান এমরান।
পূবালী ব্যাংক মিঠাছড়া শাখার ব্যবস্থাপক আখতার উদ্দিন জানান, ব্যাংক ভবন থেকে গোলাগুলির শব্দ শুনে পুলিশে খবর দেন তিনি। মেসার্স রংধুন ফিলিং স্টেশন, রিদোয়ান ট্রেডাস, গাংচিল ফিলিং স্টেশন নামের একাউন্টে ব্যবসায়ী এমরান উদ্দিন এই ব্যাংকে সর্বোচ্চ লেনদেন করেন।