ব্যাংকের সিঁড়ি থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা
কিশোরগঞ্জ সদরে ব্যাংকের সিঁড়ি থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার শহরের বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আরমান মিয়ার (২৭) বাড়ি করিমগঞ্জ উপজেলার পুরাতন চমটা গ্রামে। গতকাল দুপুরে কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মুরাদ রেজা বড় বাজার এলাকার ইসলামী ব্যাংকের শাখায় টাকা জমা দিতে যান। ব্যাংকের ভেতরে ঢোকার আগে সিঁড়িতে তিনি এক ছিনতাইকারীর কবলে পড়েন।
আলমগীর মুরাদ রেজা বলেন, ‘১৩ লাখ ২১ হাজার টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলাম। দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ এক ব্যক্তি টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। বাধা দিলে ওই ছিনতাইকারী ছুরিকাঘাত করার চেষ্টা করে।’ তিনি বলেন, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ভবনের নিচ থেকে ছিনতাইকারীকে টাকাসহ আটক করে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্যাংকের বাইরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গ্রাহক টাকা ফেরত পাওয়ায় স্বস্তি পেয়েছি।’