ব্যাংকের সিঁড়িতে গুলি করে ১০ লাখ টাকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে পূবালী ব্যাংকের কার্যালয়ের সিঁড়িতে এক গ্রাহককে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকার একটি চেকও লুট করে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম হাসানুল ফারুক (৫৫)। তিনি শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকার রেজাউল করিম ফিলিং স্টেশনের ব্যবস্থাপক। গুলি লেগেছে তাঁর মাথায়। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির একটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।