ব্যাংকের সিঁড়িতে টাকা ছিনতাইয়ে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরে ব্যাংকের সিঁড়িতে গ্রাহককে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার ভোররাতে শহরের ব্যাপারীপাড়া ও টিভি সেন্টার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি মোটরসাইকেল এবং ছিনতাই হওয়া অর্থের মধ্যে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার ইমরান হোসেন (৩২) ও তাঁর স্ত্রী রত্না খাতুন (২৩) এবং যশোরের চৌগাছা উপজেলার সুজন হোসেন (২৭)।

পুলিশের ভাষ্য, ইমরান ও সুজন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। আর তাঁদের সহযোগিতা করেছেন রত্না।

পুলিশ জানায়, গত ২৯ মে সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হাসানুল ফারুক শহরের পায়রা চত্বর এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় টাকা জমা দিতে আসেন। ব্যাংকের সিঁড়িতে তাঁকে গুলি করে তিন-চারজন দুর্বৃত্ত। তাঁর কাছ থেকে ১০ লাখ ৮ হাজার টাকা ও চার লাখ টাকার একটি চেক ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ফিলিং স্টেশনের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।