রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মিঠাপুকুর শাখার বরখাস্তকৃত হিসাবরক্ষক বিমল এককার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে গত মঙ্গলবার মিঠাপুকুর থানায় এ মামলা করেন।
দুদকের রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের ৫ মার্চ হিসাবধারী মো. মেহেদী হাসান বিপুল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মিঠাপুকুর শাখায় রসিদের মাধ্যমে ২ লাখ ৫১ হাজার টাকা জমা করেন। এর ১২ দিন পর ১৭ মার্চ বিপুল তাঁর টাকা ব্যাংকে উত্তোলন করতে গেলে জানতে পারেন তাঁর হিসাবে কোনো টাকাই জমা হয়নি। পরে ব্যাংকের হিসাব বিবরণী ও লেজার পর্যালোচনা করলে টাকা জমা করার প্রমাণ পাওয়া যায়। হিসাবরক্ষক সে সময় মেহেদী হাসানের হিসাবে ওই অর্থ জমা দেখাননি, যা বিভাগীয় তদন্ত প্রতিবেদনে প্রতীয়মান হয়েছে। জমাকৃত ওই টাকা, মূল জমা রসিদের স্বাক্ষর ও তারিখ প্রকৃতপক্ষে বিমল এককার কি না, তা হস্তলিপি বিশারদ দিয়ে পরীক্ষা করা হয়। এতে প্রমাণ মেলে হিসাবরক্ষক বিমল এককার ওই টাকা আত্মসাৎ করেছেন। এ জন্য দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. জাকারিয়া গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, টাকা আত্মসাতের ঘটনায় বিমল এককাকে ব্যাংক থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।