ব্যাগভর্তি মানবকঙ্কাল
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রাম থেকে ব্যাগভর্তি মানবকঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টায় শ্রীপুর থানার পুলিশ মাথার খুলিসহ কঙ্কালটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ১২টায় টেংরা বাজারের পশ্চিম পাশে সড়কসংলগ্ন ঘন বনের ভেতরে দুজন ব্যক্তির উপস্থিতি টের পান তিনি। কাছে গেলে ওই দুজন লাল রঙের একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় আরও কয়েকজনকে ডেকে এনে ব্যাগ খুলে ভেতরে পলিথিনের ব্যাগে প্যাঁচানো কঙ্কাল দেখতে পান তাঁরা। পুলিশে খবর দিলে শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) কায়সার ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, টেংরা থেকে উদ্ধার করা কঙ্কালটি ময়নাতদন্তের জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটা কোনো কঙ্কালচোর চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। তবে আশপাশের এলাকায় কোনো কবর খোঁড়ার খবর পাওয়া যায়নি।