ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রোববার প্ল্যাটফর্মের উত্তর পাশে একটি চায়ের দোকানের পেছন থেকে ব্যাগে ভরা অবস্থায় ছেলেশিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক আসাদুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তিনি জানান, শিশুটির বয়স দুই দিন।

দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের রমেছা বেগম ও জয়রামপুর গ্রামের ইয়ারন নেছা বলেন, তাঁরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে আবদুল কুদ্দুস নামের একজনের চায়ের দোকানের বেঞ্চের পাশে ব্যাগের ভেতর শিশুর কান্নার শব্দ শুনতে পান। এরপর খবর দিলে জিআরপি পুলিশ শিশুটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

চা-দোকানি আবদুল কুদ্দুস জানান, তিনজন নারী ও একজন পুরুষ শিশুটিকে নিয়ে সকাল ১০টা থেকে বেঞ্চে বসে ছিলেন। দুপুর ১২টার দিকে ঢাকামুখী চিত্রা ট্রেনে উঠে তাঁরা চলে যান। এরপর ব্যাগের ভেতরে শিশুটিকে পাওয়া যায়।

চুয়াডাঙ্গা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মামুন রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। একজন পুলিশ সদস্যের স্ত্রীর কাছে শিশুটিকে রাখা হয়। অনেক দম্পতি শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে দুপুরের পর অসুস্থ হওয়ায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।