ব্যাগের ভেতর দেড় কেজি সোনা
হজরত শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে এক কেজি ৪০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০৮৫ ফ্লাইট থেকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম ওই সোনা উদ্ধার করে।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের প্রধান (সহকারী কমিশনার) সাইদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় সোয়া ৬টার ওই ফ্লাইটের সন্দেহজনক যাত্রীদের ওপর নজর রাখা হয়। এ সময় সিঙ্গাপুর থেকে আসা যাত্রী ময়মনসিংহের ভালুকার আনোয়ার হোসেন এবং অপর যাত্রী লক্ষ্মীপুরের রামগতির তপন চন্দ্র পাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁদের ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় ব্যাগে থাকা ৮টি ডোর লকের ভেতর স্বর্ণ জাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়। তখন লক ভেঙে ৬১ টুকরা কাটা স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন এক কেজি ৪০০ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানান সাইদুল ইসলাম। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।