ব্যাটারিচালিত অবৈধ রিকশার ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে অবৈধভাবে চলছে প্রায় ৫০০ ব্যাটারিচালিত রিকশা। এসব যানে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকাটিতে যাতায়াতে বাস বা লেগুনার কোনো ব্যবস্থা নেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কামরাঙ্গীরচরে ভাঙাচোরা সড়কে ব্যাটারিচালিত রিকশা উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ রিকশা উচ্ছেদ না করে চালকদের সহযোগিতা করছে পুলিশ। কামরাঙ্গীরচর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
কামরাঙ্গীরচর থানার ওসি মো. শেখ মুহসিন আলম বলেন, কামরাঙ্গীরচর না শহর, না গ্রাম। রিকশা ছাড়া এই এলাকায় জনগণের যাতায়াতের বিকল্প ব্যবস্থা নেই। তাই ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করলে জনদুর্ভোগ বেড়ে যায়। নতুন করে উচ্ছেদ অভিযানের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডের আশ্রাফাবাদ সড়ক, ছাতা মসজিদ সড়ক, মাতবর বাজার সড়ক, ৫৬ নম্বর ওয়ার্ডের বনগ্রাম, পূর্ব ও পশ্চিম রসুলপুর ও ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউলাহাটি, ঝাউচর, মুনসুরবাগের অধিকাংশ সড়ক ভাঙাচোরা। এসব সড়কেই দ্রুতগতিতে চলছে ব্যাটারিচালিত রিকশা। অতিরিক্ত রিকশার চাপে আশ্রাফাবাদ ও মাতবর বাজার সড়কে লেগে আছে যানজট। এ ছাড়া এই তিনটি ওয়ার্ড সংযুক্ত কামরাঙ্গীরচরের সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কেও চলছে ব্যাটারিচালিত রিকশা। প্যাডেলে চালানোর রিকশার সংখ্যা খুবই কম।
সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশায় করে পূর্ব রসুলপুর এলাকায় যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা সাদেক মিয়া। তিনি বলেন, উল্টে যাওয়ার আশঙ্কায় ব্যাটারিচালিত রিকশায় চড়তে ভয় হয়। কারণ, এর গতি বেশি। প্যাডেলে চালানো রিকশা সাধারণত পাওয়া যায় না। বাস বা লেগুনার ব্যবস্থাও নেই। ব্যাটারিচালিত রিকশার চালক জহিরউদ্দিন বলেন, কারিগরিভাবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা না থাকা এবং ব্রেক সাধারণ রিকশার মতো হওয়ায় প্রয়োজনে গতি বেশি হলে রিকশা সামলাতে কষ্ট হয়। ব্যাটারি খুলে ফেলা হলেও এসব রিকশা প্যাডেলে চালানো সম্ভব হবে না। কারণ, সাধারণ রিকশা থেকে তা ভারী।
ডিএসসিসি সূত্র জানায়, ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণ যান হিসেবে চিহ্নিত হওয়ায় বৈধতা দেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরে গত বছরের মে মাসে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে অভিযান চালানো হয়। ফলে অধিকাংশ রিকশাই রাজধানীর আশপাশের এলাকায় চলে যায়। তার একটি অংশ আছে কামরাঙ্গীরচরে। এখন এই এলাকার মোট রিকশার ৮০ শতাংশই ব্যাটারিচালিত। যার সংখ্যা প্রায় ৫০০। কামরাঙ্গীরচর রিকশা মালিক পরিষদের সভাপতি মনির হোসেন বলেন, পুলিশের অনুমতি নিয়েই কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত রিকশা চালান চালকেরা। কামরাঙ্গীরচরে পরিষদের অন্তর্ভুক্ত প্রায় সাড়ে ৩৫০টি ব্যাটারিচালিত রিকশা আছে।