ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণে শ্রমিক লীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন করেছেন ক্ষমতাসীন দলের লোকজন। ‘ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক লীগ’ নামের ওই সংগঠনের পক্ষ থেকে রিকশাচালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়া হচ্ছে। বলা হচ্ছে, এই টাকার বিনিময়ে রিকশার মোটরে পরিবর্তন এনে গতি কমিয়ে দেওয়া হয়। তখন এগুলো আর ঝুঁকিপূর্ণ থাকে না।
তবে রিকশাচালকেরা বলছেন, তাঁদের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়া হয়। সংগঠনের সদস্য হওয়ার নামেও নেওয়া হয় টাকা।
এ বিষয়ে সংগঠনের সভাপতি চঞ্চল সেন বলেন, তাঁরা রিকশাগুলোর মোটরে পরিবর্তন এনে গতি কমিয়ে দিচ্ছেন। ফলে এগুলো ঝুঁকিপূর্ণ থাকছে না। গতি কমানোর জন্য খরচ হিসাবে ১৬৫ টাকা নেন। আর ১০ টাকা নেন সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য।
চঞ্চল সেনের দাবি, সিটি করপোরেশন ৫ হাজার ৪০০ রিকশার লাইসেন্স দিয়েছে। এর মধ্যে দুই হাজার রিকশাচালক ও মালিক তাঁদের সদস্য হয়েছেন। তাঁরা জোর করে কিছু করছেন না।
রাজশাহী মহানগর শ্রমিক লীগের অনুমোদিত ৩৩টি সংগঠন রয়েছে। এর মধ্যে এই সংগঠন একটি বলে জানান মহানগর শ্রমিক লীগের সভাপতি বদিউজ্জামান।
মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, এই রিকশা অবৈধ। একবার সিদ্ধান্ত হয়েছিল, গাড়িগুলো ধরে মোটর খুলে নেওয়া হবে। তাঁরা কয়েকটি রিকশা আটকও করেছিলেন। কিন্তু সংগঠনটির লোকজন এখন গতি নিয়ন্ত্রণ করে রিকশা চালানোর কথা বলছেন। কিন্তু এই কাজ করার কোনো এখতিয়ার তাঁদের নেই। এটা সিটি করপোরেশন অথবা পুলিশ করবে।
নগরের কুমারপাড়া এলাকায় সংগঠনটির কার্যালয়। চার-পাঁচ মাস আগে এটি খোলা হয়। এর ভেতরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। এ ছাড়া আছে সাংগঠনিক কার্যক্রমের ছবি। কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবসের ব্যানার টাঙানো। ঘরের সঙ্গে রয়েছে একটি সাইনবোর্ড। তাতে রয়েছে সংগঠনের নাম ও রিকশার ছবি।
কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে রিকশার পেছনে সংগঠনের সিল লাগিয়ে ১৬৫ টাকা করে নেওয়া হয়। এ ছাড়া মাসিক চাঁদা নেওয়া হয় ১০ টাকা করে।
নাম প্রকাশ না করে একজন রিকশাচালক বলেন, ‘আওয়ামী লীগের লোকেরা জোর করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে এই কাজ করে দিচ্ছে।’ তবে অপর এক রিকশাচালক বলেন, ‘তারা (সংগঠন) ভালোই করছে। চাঁদা নিলেও বিপদে-আপদে পাশে দাঁড়াবে।’
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, এই রিকশার ফ্রেম, চাকা ও ব্রেক—সবই পায়ে চালিত রিকশার জন্য করা। এগুলো ব্যাটারি দিয়ে চালানোর উপযোগী নয়। কিন্তু প্রথম দিকে সরকারের কোনো নির্দেশনা ছিল না। তারাও বুঝতে পারেনি যে যানবাহনগুলো ঝুঁকিপূর্ণ হবে। আপাতত তারা আর লাইসেন্স দিচ্ছে না।
ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বলেন, দুই মাস আগে প্রশাসনের এক বৈঠকে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিটি করপোরেশনের হস্তক্ষেপের কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। কারণ, এই রিকশার লাইসেন্স দিয়েছে তারাই।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, করপোরেশন কোনো হস্তক্ষেপ করেনি। রিকশা নিষিদ্ধ করা-না করাটা পুলিশের কাজ।