ব্যাটের আঘাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের (কাফরুল থানাধীন) পূর্ব কাজীপাড়ার ইটখোলা এলাকায় গতকাল রোববার সকালে কিশোর ছোট ভাইয়ের ব্যাটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত বড় ভাই সুমনের (৩৫) লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তাঁর মাথায় জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর পালিয়েছে ছোট ভাই মো. সজীব (১৫)। নিহত সুমনের মেজো ভাই সুজন জানান, নিহত সুমন মাদকাসক্ত ছিলেন। তিনি বাসায় থাকতেন না। তবে মাদক কেনার টাকার দরকার হলেই বাসায় এসে পরিবারের সঙ্গে জবরদস্তি করতেন। জিনিসপত্র বিক্রি করে নেশার টাকা জোগাড় করার চেষ্টা করতেন। গতকাল সকালে বাসা থেকে আসবাবপত্র নিয়ে বের হওয়ার সময় সজীব তাঁকে বাধা দেয়। দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়, এ পর্যায়ে ছোট ভাই ব্যাট দিয়ে সুমনের মাথায় আঘাত করে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর ১২টার দিকে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। কাফরুল থানার এসআই আমিরুল ইসলাম জানান, তাদের মেজো ভাই সুজন ও জুয়েল নামে তার এক বন্ধুকে আটক করা হয়েছে।