আশকোনার জঙ্গি আস্তানায় মায়ের ছোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি এখন আগের চেয়ে ভালো। তবে আজ বুধবার পর্যন্ত শিশুটির পরিবারের কেউ তার কাছে আসেনি।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোমা বিস্ফোরণে শিশুটির হাতের মাংস উড়ে গেছে। শুধু হাড়টুকু আছে। প্লাস্টিক সার্জারি ছাড়া এই হাত দিয়ে সে কোনো কাজ করতে পারবে না। শিশুটির তলপেটে মারাত্মক ক্ষত ছিল। অস্ত্রোপচারের পর সে এখন কিছুটা সুস্থ। সে অপুষ্টিতেও ভুগছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের শিক্ষক সাজ্জাদ খন্দকারের অধীনে শিশুটি ভর্তি আছে। তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘আমরা শিশুটির পেট থেকে কিছুটা চামড়া নিয়ে হাতে লাগিয়ে দেব। হাতে হাড় ছাড়া এখন আর কিছু নেই। এ ধরনের আঘাতে সাধারণত আমরা চামড়ার পুরো স্তর চর্বিসহ সংযোজন করি ও পেটের সঙ্গে লাগিয়ে দিই। হাত স্বাভাবিক হলে ছোট একটি অস্ত্রোপচার করে হাতটি পেট থেকে সরিয়ে নিই। কিন্তু এই শিশুটির বেলায় আমরা শুধু শরীরের একটি জায়গা থেকে চামড়ার উপরিভাগ নিয়ে হাত ঢেকে দেব।’
সাজ্জাদ খন্দকারের আরও বলেন, যেহেতু শিশুরা হাত-পা ছোড়াছুড়ি করে বেশি, সে হয়তো হাত নাড়তে চাইবে। সময়ের আগে পেট থেকে ছুটে গেলে আবারও অস্ত্রোপচার করতে হতে পারে। এ ছাড়া শিশুটির সঙ্গে আত্মীয়-স্বজনও নেই যারা তাকে নিবিড়ভাবে দেখাশোনা করবেন। তবে এই অস্ত্রোপচারের পর সে সব ধরনের কাজ কর্ম করতে পারবে। হাতটিকে স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনতে পরে আবারও অস্ত্রোপচার হবে।
আজ সকালেই শিশুটির অস্ত্রোপচারের কথা ছিল। সে অনুযায়ী তাকে না খাইয়ে রাখার কথাও বলা হয়েছিল। কিন্তু সকালে উঠে নাশতা করে ফেলায় তার আর অস্ত্রোপচার হয়নি। তবে দিন কয়েকের মধ্যেই তার অস্ত্রোপচার হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ব্যান্ডেজে মোড়া শিশুটিকে আজও নারী পুলিশের একটি দল ঘিরে বসেছিল। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিছানায় শুয়ে এক নারী পুলিশ সদস্যের মোবাইলে বাংলা সিনেমা দেখছিল সে। কর্তব্যরত চিকিৎসক মো. মিশকাতুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যখনই আসি দেখি ওর কানে হেডফোন চোখের সামনে মোবাইল।’ একজন নারী পুলিশ বলেন, ‘ও ভিডিও গেমস খেলতে পছন্দ করে। দেখলেই বায়না ধরে আন্টি মোবাইল দাও; খেলব। মাঝে মাঝে গানও শোনে।’ এখন পর্যন্ত পুলিশই তার স্বজন।
আজ দুপুরে শিশুটিকে নিয়ে চিকিৎসকের কাছে থাকায় হাসপাতালের খাবার সে পায়নি। পরে তার ‘পুলিশ আন্টি’দের আনা ভাত সে খেয়েছে। হাসপাতালে তার একজন বন্ধুও জুটেছে। আজ ওর বিছানার কাছে একটি শিশুকে বসে থাকতে দেখা গেছে।
শিশুটির নানা শাহে আলম চৌকিদারের সঙ্গে কথা হলে নাতনি কেমন আছে জানতে চান তিনি। নাতনিকে দেখতে আসছেন না কেন বা ফিরিয়ে নিচ্ছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘স্যারেরা বলছে সুস্থ কইরা তারপর দিব। অপেক্ষা করতেছি এখন। আমি ওরে নিয়া আসমু।’
তবে শিশুটির নানা শাহে আলম চৌকিদার যে ভয় করছিলেন, সেই ভয় সত্যি হতে শুরু করেছে। পুলিশ পরিবেষ্টিত শিশুটিকে সবাই ‘জঙ্গি বাচ্চা’ বলে সম্বোধন করছে।
গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশি অভিযান শুরুর ১২ ঘণ্টা পর মেয়ের হাত ধরে শাকিরা নামের এক নারী বেরিয়ে আসেন। আত্মসমর্পণের অভিনয় করে তিনি কোমরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত শিশুটিকে উদ্ধার করে পুলিশ প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। শিশুটির বাবা ইকবাল কয়েক বছর আগে ক্যানসারে ভুগে মারা গেছেন। তাঁর বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ নেই।