ব্যালট ছিনতাই ও জাল ভোটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে জাল ভোট, কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ঘটেছে। এ সময় গুলিতে দুজনসহ ১১ জন আহত হয়েছেন।
দুপুর ১২টার দিকে গোবিন্দপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল আল বাকি করিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী মাইন উদ্দিনের কয়েক শ সমর্থক আবদুল আল বাকিকে পিটিয়ে আহত করে। তারা দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। অবশিষ্ট পাঁচটি বাক্স রক্ষা করতে গিয়ে মেঘনা থানার উপরিদর্শক (এসআই) অসীম চন্দ্র ধর, কনস্টেবল জহিরুল হক, সবুজ মিয়া, বেলাল উদ্দিন, বিনোদপুর গ্রামের শাহ আলম ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোজাম্মেল হকের এজেন্ট আলমগীর হোসেন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ইউপির মহেষখোলা দৌলত হোসেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ঘটে। এ সময় মির্জানগর গ্রামের আক্তার হোসেন আহত হন।
ভাওরখোলা ইউপির ভাওরখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেনের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় তাছলিমা বেগম ও মো. চঞ্চল গুলিবিদ্ধ এবং আবুল বাশার ও কবির হোসেন নামের দুজন টেঁটাবিদ্ধ হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাল ভোটের অভিযোগে এখানে আল আমিন ও বিল্লাল নামের দুজনকে আটক করা হয়েছে।