ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনার মধ্য দিয়ে গতকাল শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবলীগের এক কর্মীসহ আটজন আহত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, রায়শ্রী (উত্তর) ইউনিয়নের চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দুইটায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এ সময় তাঁরা একটি ব্যালট বাক্স বাইরে নিয়ে ব্যালট পেপার ছিঁড়ে পুকুরে ফেলে দেন। ওই ইউপির রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান বলেন, ব্যালট বাক্স ভেঙে ৫০০ ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কেন্দ্রটির ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
রায়শ্রী (দক্ষিণ) ইউপির নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাকের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে যুবলীগ কর্মী জামাল হোসেন (২৭) আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউএনওর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেনের কর্মী-সমর্থকেরা চিতোষী (পশ্চিম) ইউপির হাড়িয়া এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্র দখল করতে গেলে পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। একই ইউপির উঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা দখলে নেন। একই ইউপির খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল হক মিয়াজীর কর্মী-সমর্থকেরা দখলে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
চিতোষী (পূর্ব) ইউনিয়নে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফের কর্মী-সমর্থকেরা ৫০০ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢোকান। এ কারণে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
সূচীপাড়া (উওর) ইউনিয়নের চেড়িহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের কর্মীদের সঙ্গে বিএনপির প্রার্থী হাবিবুর রহমানের কর্মীদের দফায় দফায় সংঘর্ষে পাঁচ-সাতজন কর্মী আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে।
সূচীপাড়া (দক্ষিণ) ইউনিয়নের বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটেছে। কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ সাময়িক বন্ধ ছিল। পুনরায় নিরাপত্তা জোরদার করে কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল মাসুদ বলেন, ৫৪টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে সংঘর্ষ ও গোলযোগের ঘটনা ঘটেছে। তা ছাড়া ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে দুটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।