সকাল সাড়ে নয়টা। ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ধুলট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পেরে ক্ষুব্ধ উত্তর পাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহিম। তাঁর ব্যালট পেপারটি ছিনিয়ে নিয়ে সিল মারা হয়।
আবদুর রহিমের মতো ঘটনা শুধু চৌহাট ইউপিতেই ঘটেনি, গতকাল শনিবার ধামরাইয়ের প্রায় সব ইউপিতেই এভাবে ভোট হয়। ব্যালট পেপারের পাশাপাশি দুটি কেন্দ্রে ব্যালট বইও ছিনতাই করা হয়েছে। ধামরাইয়ের ১৬ ইউপির মধ্যে ১৫টিতে গতকাল ভোট হয়। উচ্চ আদালতের আদেশে একটি ইউপিতে ভোট স্থগিত রয়েছে।
ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন গাঙ্গুটিয়া ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক। তিনি দুপুর ১২টার দিকে বারবারিয়ায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। মোজাম্মেল হক বলেন, তাঁর ইউপির নয়টি কেন্দ্রেই অধিকাংশ ভোটারকে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়।
গাঙ্গুটিয়ার বড়নালাই কেন্দ্রে পছন্দের চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিতে পারেননি দত্তনালাই গ্রামের বিষু মিয়া। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তিনি বলেন, ভোট কক্ষে ঢুকে তিনটি ব্যালট পেপার হাতে নেওয়ার পরপরই তাঁর হাত থেকে চেয়ারম্যানের ব্যালট ছিনিয়ে নেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
চৌহাট ইউপির জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদ বলেন, সকাল নয়টার দিকে আওয়ামী লীগের প্রার্থী সোহেল খানের কয়েকজন কর্মী ধুলট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে চেয়ারম্যান প্রার্থীদের সাত-আটটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মারেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের কেন্দ্র থেকে বের করে দেন।
ধুলট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর নারী ভোট কক্ষের দায়িত্বে থাকা ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফজলুল হকের এজেন্ট হোসনে আরা বেগম বলেন, আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা তাঁর কক্ষে ঢুকেও চেয়ারম্যান প্রার্থীদের ব্যালট বই নিয়ে সিল মারেন। তবে আওয়ামী লীগের প্রার্থী সোহেল খান বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসব গুজব ছড়াচ্ছেন। কোথাও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।’
সকাল ১০টার দিকে ওই কেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। অথচ ওই সময়ে ৭০০ ভোট পড়েছে বলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেন। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ১ হাজার ৬২১।
প্রিসাইডিং কর্মকর্তা বিভাষ চন্দ্র কুণ্ড বলেন, ‘ব্যালট পেপার ছিনতাই হওয়ার কোনো অভিযোগ আমি পাইনি। এখানে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে।’
বেলা তিনটার দিকে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা একই ইউপির মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারেন। এতে ভোটারদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
সোমভাগ ইউপির ডাউটিয়া মাদ্রাসা কেন্দ্রে বেলা ১১টায় ভোট দেন একই গ্রামের ভানু বেগম। তিনি বলেন, ‘আমার বুট আমি দিমু—এইডাই তো জানতাম। কিন্তু এইবার হ্যারাই আমার বুট দিয়া দিচে। আমার হাতের থন ব্যালট নিয়া তাঁরা নৌকায় ছিল মাইরা দিল। আমি কিচুই বলবার পারলাম না।’ একই ইউপির গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে সিল মারতে দেখা যায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের। তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা আবদুল আওয়াল বলেন, ‘আমার জানামতে, এই কেন্দ্রে সিল মারার কোনো ঘটনা ঘটেনি। একজন চেয়ারম্যান প্রার্থী এমন অভিযোগ করেছিলেন। কিন্তু এর সত্যতা পাইনি।’
ওই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেন বলেন, এবারের ভোটে কারচুপির নতুন কৌশল নিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাইরের পরিবেশ স্বাভাবিক থাকলেও কেন্দ্রের ভেতরে নেতা-কর্মীরা ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করেন। একই ধরনের অভিযোগ আমতা ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের।
সুয়াপুর ইউপির বিএনপির প্রার্থী ওবায়দুল্লা খান বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর কর্মীদের ভয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারিনি। আমাকে এলাকায় ঢুকতেই দেওয়া হয়নি। তিনি খালি মাঠে গোল দিয়েছেন।’
বেলা দেড়টার দিকে বালিয়া ইউপির সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার কারণে কেন্দ্রের ভেতরে ঢোকা সম্ভব হয়নি।
জানতে চাইলে ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ভোট দিতে বাধ্য করা এবং ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।