পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউপিতে কেন্দ্র দখল করে ব্যালটে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে। এ কারণে তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। ‘যুবলীগের’ দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গুঠিয়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যানের অর্ধশতাধিক কর্মী-সমর্থক সকাল সাড়ে ১০টার দিকে ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। পরে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল মারতে থাকেন। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওরঙ্গজেবের নেতৃত্বে তাঁর সমর্থকেরা এগিয়ে আসেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
প্রিসাইডিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, একদল বহিরাগত হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারে এবং সিলসহ নির্বাচনে কাজের মালামাল লুট করে নিয়ে যায়। এ কারণে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ কেন্দ্রে কর্তব্যরত এসআই ইয়াকুব হোসেন জানান, ব্যালটে সিল মারার অভিযোগে মো. বাচ্চু মোল্লা, আবু জাফর নামের দুজনকে আটক করা হয়েছে।
এদিকে বৈরকাঠী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসা জানে আলম, রুহুল ব্যাপারী, সাফিয়া বেগমসহ কয়েকজন বলেন, বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ৫০ জন নেতা-কর্মী মোটরসাইকেলে কেন্দ্রে আসেন। পরে ভেতরে ঢুকে ব্যালটে সিল মারা শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুললে তাঁরা স্থান ত্যাগ করেন। প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করা হয়।
এর আগে বান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র দখল করে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে সিল মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় বেলা ১১টার দিকে এ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়।
কেন্দ্র তিনটিতে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া এ ইউপির ১০টি কেন্দ্রের মধ্যে অন্য সাতটিতেও ভোটারদের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারাসহ ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওরঙ্গজেব বলেন, অধিকাংশ কেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। বিএনপির প্রার্থী মো. শাহীন হাওলাদার অভিযোগ করেন, ক্ষমতাসীন দলীয় ক্যাডাররা কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করে ভোটারদের ইচ্ছামতো ভোট দিতে বাধা প্রদান করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘কেন্দ্র দখল করা কিংবা ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার কাজে আমার কোনো কর্মী-সমর্থক জড়িত নন।’