দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ব্যালট পেপার ছিনতাই হওয়ার অভিযোগে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তারা।
কেন্দ্রগুলো হলো দক্ষিণ আলগী ইউনিয়নের ৩৪ নম্বর সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরভাঙ্গা উচ্চবিদ্যালয়। এই দু্ই কেন্দ্রে মোট ভোটার পাঁচ হাজার ৮০১টি।
নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী নূর হোসেন পাটোয়ারী ৩০ হাজার ১৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান মিয়া ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান দুপুরে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেন।
কেন্দ্র দুটির প্রিসাইডিং কর্মকর্তা মোস্তফা কামাল ও সাবেরা খাতুন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষের লোকজন দলবদ্ধ হয়ে কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ১৫টি ব্যালট বই ছিনতাই হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রিসাইডিং কর্মকর্তারা এসব কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দিতে বাধ্য হন।