ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম দফার নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট হয়েছে। এ সময় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সিল মারা, সংঘর্ষ, বিএনপি ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ পাওয়া গেছে। তবে প্রশাসন বলছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে।
সকাল সাড়ে নয়টায় আড়াইসিধা ইউপির আড়াইসিধা মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে ভোটারদের ছোটাছুটি করতে দেখা গেছে। কয়েকজন ভোটার বলেন, ভোট গ্রহণ শুরুর ঘণ্টা খানেকের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়ার সমর্থকেরা প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারছিলেন। এ সময় প্রতিটি বুথ থেকে নৌকা প্রতীকের ব্যাজধারী যুবকদের বের হতে দেখা যায়।
নয়টা ৫০ মিনিটে একই চিত্র দেখা গেছে ওই ইউপির ইকরা একাডেমি ভোটকেন্দ্রে। সেখানে সেলিম নামের এক ভোটার বলেন, সকাল নয়টা থেকে সারিতে দাঁড়িয়ে থাকলেও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা তিনিসহ অন্যদের কেন্দ্রে ঢুকতে দেননি।
নির্বাচন বর্জন: সকাল ১০টা ৪০ মিনিটে আড়াইসিধা কে বি উচ্চবিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী কামরুল হাসান নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ইউপির ৪, ৫ ও ৬ নম্বর কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা তাঁর এজেন্টদের জোর করে বের করে দিয়েছেন। তাঁরা জোর করে নৌকা প্রতীকে সিল মেরেছেন। শরীফপুর ইউপির বিএনপির প্রার্থী আবদুল আওয়াল ও দুর্গাপুরের মিজান খান একই অভিযোগ এনে বেলা দুইটার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ব্যালট পেপার ছিনতাই: দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর ইউপির সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থমথমে অবস্থা দেখা যায়। মাঠে বেশ কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। কয়েকজন ভোটার বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল করিম খানের সমর্থকেরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারছেন। এ সময় বহিরাগতদের ধাক্কায় ওই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শিউলি পারভিন আহত হন।
সংঘর্ষ: বেলা দুইটার দিকে দুর্গাপুর ইউপির বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী আলী মিয়া ও আবদুল সালামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ছয়জন আহত হন।
উপজেলার লালপুর, চর চারতলা, শরীফপুর ও তালশহর ইউপির বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে। তবে অন্তত ২০ জন ভোটার অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্রে ঢুকতে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা তাঁদের বাধা দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোথাও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে বিপুল আগ্রহ দেখা গেছে। সকাল থেকে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ছিল।