ব্যালট বাক্স ছিনতাই, নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন চলাকালে হামলা ও ব্যালট বাক্স ছিনতাই করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) নির্বাচন পণ্ড করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে নগর ছাত্রলীগের একদল নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে নগরের দরগাগেট এলাকায় সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জরুরি বৈঠক করে নির্বাচন স্থগিত করে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্যের দায়িত্বে থাকা সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত কেমুসাস সিলেটের প্রাচীন ঐতিহ্যবাহী একটি সংগঠন। নগরের কেন্দ্রস্থল দরগাগেট এলাকায় সংগঠনের কার্যালয়ে ২০১৫-১৬ সালের কার্যকরী কমিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি জিয়াউল হক ও আবদুল হাই হাদীর নেতৃত্বে ২০-৩০ জন যুবক সেখানে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা কেমুসাসের মাহবুব ভবনের কাচ ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এ ছাড়া ভবনের ভেতরে থাকা সুলেমান হলের গ্লাসের পার্টিশন ভেঙে দেয়। এর মধ্যে হুলুস্থুল শুরু হলে ভোট গ্রহণে ব্যবহৃত দুটি ব্যালেট বাক্স ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ বলেন, বেলা আড়াইটার দিকে কতিপয় লোক ভোটকেন্দ্রে আকস্মিক হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
ছিনতাই হওয়া ব্যালেট বাক্স প্রসঙ্গে রহমতুল্লাহ বলেন, কেমুসাস কর্তৃপক্ষ এ ব্যাপারে লিখিতভাবে জানালে পুলিশ খোঁজ নিয়ে দেখবে।
নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট সূত্র জানায়, মাসউদ খান-মানিক ও লায়েক-সাব্বির পরিষদে ২৩টি পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সংগঠনের প্রথা অনুযায়ী নির্বাচিতদের মধ্য থেকে পরে কার্যকরী কমিটি গঠনের কথা।