ব্রহ্মচারীকে হত্যার হুমকি দিয়ে চিঠি
হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও শচী মাতা স্মৃতি তীর্থ ধাম মন্দিরের ব্রহ্মচারী ও স্থানীয় ইসকনের অধ্যক্ষকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে ডাকযোগে ওই চিঠি আসে।
শচী মাতা স্মৃতি তীর্থ ধাম মন্দিরের ব্রহ্মচারী স্বর্বেস্বর গোবিন্দ দাস বিষয়টি হবিগঞ্জের পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। বাহুবল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার বড়গাঁও শচী মাতা স্মৃতি তীর্থ ধাম মন্দিরে ব্রহ্মচারী স্বর্বেস্বর গোবিন্দ দাস শুক্রবার বিকেলে ওই চিঠি পান। চিঠি খুলে দেখতে পান তাঁকে হত্যার হুমকি দিয়ে এটি পাঠানো হয়েছে।
বাংলা হাতে লেখা এ চিঠিতে বলা হয়, ‘শিডিউল বানিয়ে ফেলেছি। এবার তোদের পালা। ব্লগার অনন্তকে যেভাবে স্বর্গে পাঠিয়েছি, ঠিক সেভাবে তুই এবং তোর লোকজনদেরও পাঠিয়ে দেব। চিন্তার কারণ নাই।’
এ চিঠির সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তির ছবি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘ছবির চেহারার মানুষটি সামনে এলেই মনে করবে এ সময়টুকু পর্যন্তই ছিল তোর হায়াত।’ শেষে মো. রবি উল্লা, মাধবপুর, নাসিরনগর লেখা ছিল।
স্বর্বেস্বর গোবিন্দ দাস এ চিঠি পাওয়ার পর জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে বিষয়টি জানান। ওই দিন রাতে বাহুবল থানা-পুলিশ মন্দির এলাকা পরিদর্শন করে।
হিন্দু মহাজোটের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বলেন, প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত। নইলে এ ধরনের কর্মকাণ্ড আরও বাড়বে।