ব্রহ্মচারীকে হত্যার হুমকির দুদিন পর মন্দিরে চুরি
হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও শচী মাতা স্মৃতি তীর্থ ধাম মন্দিরের ফটক ভেঙে চুরি হয়েছে।
মন্দিরের ব্রহ্মচারী ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের (ইসকন) স্থানীয় অধ্যক্ষ স্বর্বেস্বর গোবিন্দ দাসকে হত্যার হুমকি দেওয়ার দুদিন পর গত রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
চোরেরা স্বর্ণের দুটি চেইনসহ এক লাখের বেশি টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এ ঘটনায় বাহুবল থানায় একটি চুরির মামলা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, চোরদের ধরার চেষ্টা চলছে।
মন্দিরের ব্রহ্মচারী অধ্যক্ষ স্বর্বেস্বর গোবিন্দ দাস বলেন, গতকাল সোমবার ভোরে পূজা দিতে গিয়ে দেখেন মন্দিরের দরজা ভাঙা। এর আগে গত শুক্রবার বিকেলে ডাকযোগে একটি চিঠি আসে। এতে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
পুলিশ ও অভিযোগের বিবরণ অনুযায়ী, চোরেরা মন্দিরের প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমার গলায় পরানো এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও একই কক্ষে রাখা একই ওজনের আরেকটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। এ ছাড়া
মন্দিরে বিভিন্ন সময় ভক্তদের দান করা বেশ কিছু শাড়ি ও টাকা চুরি করেছে।
ওসি মোশারফ হোসেন বলেন, বাহুবলের বড়গাঁও শচী মাতা স্মৃতি তীর্থ ধামের অধীনে তিনটি মন্দির আছে। যে মন্দিরে চুরি হয়েছে, সেটি মূল মন্দির বা কমপ্লেক্স থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত। একটি পরিত্যক্ত জায়গায় নির্মাণাধীন মন্দির এটি। সেখানে এখনো সুরক্ষা দেয়াল দেওয়া হয়নি। রাতে মন্দিরে কেউ থাকেন না।
মন্দিরের ব্রহ্মচারীকে হত্যার হুমকি দিয়ে চিঠির বিষয়ে গত রোববার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।