ব্রহ্মপুত্র থেকে দুই তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরতলির শম্ভুগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে আজ মঙ্গলবার দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এই দুই তরুণ হলেন ইমন মিয়া (২০) ও সাজন মিয়া (২০)। তাঁরা দুজনই ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকার সরকারি আবাসন পল্লির বাসিন্দা ছিলেন। ইমন বাসচালকের সহকারী এবং সাজন পাটগুদাম বাস টার্মিনালে ফল বিক্রি করতেন। তাঁরা দুজন বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে ইমন ও সাজন সকালের খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে নিজেদের বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে তাঁরা বাড়ি ফেরেননি। আজ দুপুরে শহরতলির শম্ভুগঞ্জ এলাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচে ব্রহ্মপুত্র নদে দুই তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ব্রহ্মপুত্র নদের ওই এলাকা নিহত দুজনের বাড়ি থেকে কাছে হওয়ায় খবর পেয়ে স্বজনেরা যান। তাঁরা দুই তরুণের মরদেহ শনাক্ত করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহত দুজনের গায়ে আঘাতের চিহ্ন নেই। তাঁদের শ্বাসরোধে হত্যা করা হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

সাজনের বাবা কেন্দু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।