ব্রাউজারে চলে জুয়া খেলা, হোয়াটসঅ্যাপে চ্যাট: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পৃথক অভিযানে প্রায় ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, আসামিরা স্মার্টফোনে ব্রাউজার থেকে জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে দীর্ঘদিন ধরে জুয়া খেলছেন। টাকাগুলো লেনদেন হয় বিকাশের মাধ্যমে। মুঠোফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুয়ার বিষয়ে চ্যাট হয়।

বাজির টাকা ডলারে রূপান্তরিত করে দলটি জুয়া খেলে। তাঁরা অনলাইন বেটিং মাধ্যমে সমাজে সাইবার অপরাধ ছড়িয়ে দিচ্ছে। হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

গতকাল বুধবার রাতে নগরের পাঁচলাইশ এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে টাকা উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। তাঁরা হলেন—জাকির হোসেন, বিপ্লব দত্ত, রুবেল ধর ও মো. মনসুর।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, নগরের পাঁচলাইশ ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে জাকির হোসেন ও বিপ্লব ধরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জুয়া খেলার দুটি স্মার্টফোন এবং ১৫ হাজার ৮৫ টাকা উদ্ধার হয়। রেলস্টেশনের উত্তর পাশে আরেকটি দোকানে অভিযান চালিয়ে জুয়ার খেলার ২ হাজার ৫৭০ টাকাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।