ব্রাজিলে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে মো. সোলায়মান পাটোয়ারী ওরফে দুলাল (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোলায়মানের বাড়ি নোয়াখালীর চাটখিল পৌরসভার ফতেপুর এলাকায়। তিনি উপজেলা জাসাসের সাবেক সভাপতি।
নিহতের সোলায়মানের চাচাতো ভাই হাসনাতুজ্জামান চৌধুরী জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ২০১২ সালে তিনি ব্রাজিল যান। পরে ব্রাসিলিয়ায় ব্যবসা শুরু করেন।
হাসনাতুজ্জামান আরও জানান, দুই মাস পর দেশে ফেরার কথা ছিল সোলায়মানের। ব্রাসিলিয়া থেকে পাওয়া খবরের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন সোলায়মান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর মাথা ও ঘাড়ে গুলি লাগে। ঘটনার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিকেলে সেখানে সোলায়মানের মৃত্যু হয়। তিনি জানান, এর আগে চাঁদার দাবিতে একাধিকবার সোলায়মানের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল।
সোলায়মানের স্ত্রী সালমা পাটোয়ারী ও মেয়ে আয়েশা সুলতানা লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।