ব্রাহ্মণপাড়ায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম ওরফে সুজনকে (১৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার মধ্যরাতে চিকিত্সাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বন্ধুরা পূর্বশত্রুতার জের ধরে আরিফুলকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি উপজেলার দীর্ঘভূমি গ্রামে। সে ওই গ্রামের আবু তাহের ও গুলেনূর আক্তারের ছেলে। এ ঘটনায় নিহত কলেজশিক্ষার্থীর বাবা ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের দরজি আবু তাহেরের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে আরিফুল দ্বিতীয়। শনিবার রাতে তারাবির নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন আরিফুল। নামাজ শেষ হওয়ার পর তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। এরপর রাত সাড়ে ১০টায় বাড়ির পাশের জমিতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টায় সে মারা যায়। গতকাল রোববার কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে তার লাশের ময়নাতদন্ত হয়। এরপর বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়।
বাদ আসর জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন দীর্ঘভূমি গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের কামরুল ইসলাম (২৯), জাহানারা বেগম (৪০), আলাউদ্দিন (২০) ও তারেক মিয়াকে (২৫) আটক করেছে।
নিহত কলেজ শিক্ষার্থীর বাবা আবু তাহের বলেন, ‘আমার ছেলেকে তার নেশাখোর বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, ছাত্র হিসেবে ও ভালো ছিল। ওর অকালমৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া
যাচ্ছে না।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, সহপাঠী বন্ধুবান্ধবদের সঙ্গে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।