ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৩
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ী ও ডাকাত লোকমান হোসেনকে (৩৭) ছিনিয়ে নেন। পুলিশের আরেকটি দল এসে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত সৈয়দ আহাম্মদের ছেলে আবুল কালাম আজাদ ওরফে খোকন (৪৯), একই গ্রামের আবু জাহেরের ছেলে ইকবাল হোসেন (২৭) ও জাহাঙ্গীর আলীর ছেলে এনামুল হক (২৫)। গ্রেপ্তার ব্যক্তিদের আজ বুধবার সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ তাঁকে আটক করে দেহ তল্লাশি শুরু করে। এ সময় লোকমানের প্রায় ২০–২২ জন সহযোগী দা ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে লোকমানকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. সাইফুল ইসলাম ও মো. কামাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) কৃষ্ণ সরকার, ও পুলিশ কনস্টেবল নুরুজ্জামান। তাঁদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান হোসেনের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক ও চুরির ৮–৯টি মামলা রয়েছে। গতকাল রাতে লোকমান হোসেনকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশ তাঁকে আটক করে দেহ তল্লাশি শুরু করে। এ সময় লোকমানের প্রায় ২০–২২ জন সহযোগী দা ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে লোকমানকে ছিনিয়ে নেয়। হামলায় চার পুলিশ সদস্য আহত হন। এ সময় হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেন।
লোকমান হোসেন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ ডাকাত। তাঁকে আটক করে তল্লাশি করা হচ্ছিল। এ সময় পুলিশের ওপর হামলা করে লোকমান হোসেন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।অপ্পেলা রাজু নাহা, ওসি, ব্রাহ্মণপাড়া থানা
পুলিশের ওপর হামলার খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে এসে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন ও এনামুলকে গ্রেপ্তার করে। এ সময় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই সাইফুল ইসলাম গতকাল রাতে বাদী হয়ে আবুল কালাম আজাদ ওরফে খোকনকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা প্রথম আলোকে বলেন, লোকমান হোসেন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ ডাকাত। তাঁকে আটক করে তল্লাশি করা হচ্ছিল। এ সময় পুলিশের ওপর হামলা করে লোকমান হোসেন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।