ব্রাহ্মণবাড়িয়া ও ছাতকে সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বাঞ্ছারামপুরে সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
ছাতক থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে হরতালের সমর্থনে বিএনপির মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আরেকটি মিছিল নিয়ে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া করেন। এতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। বিএনপির নেতা মিজানুর রহমান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়।’ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করলে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়।’
এদিকে সরাইল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল-নাসিরনগর সড়কসংলগ্ন বড্ডাপাড়া গ্রামে গত সোমবার রাতে ওরসের আয়োজন করা হয়। এ উপলক্ষে গ্রামের মসজিদ ও কবরস্থানের পাশেই প্যান্ডেল করে গানের আসর বসে। রাত ১১টার পর শুরু হয় নাচ-গান। এ সময় নাচ দেখাকে কেন্দ্র করে দর্শক সারিতে ধাক্কাধাক্কি লাগে। এরই জের ধরে দর্শকেরা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। বাঞ্ছারামপুরের জয়কালীপুর গ্রামে গ্রামের মতিন মিয়া নামের এক ব্যক্তির বোনকে একই গ্রামের অহিদ মিয়ার ভাইয়ের কাছে বিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘের্ষ ১০ জন আহত হন।