ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুরে নির্মাণাধীন একটি ভবনের তত্ত্বাবধায়ক মো. আইয়ুব আলী (৫৫) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মহালদারা ও বছিউড়া গ্রামের মধ্যবর্তী ফসলি জমি থেকে পুলিশ গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক যুবকের (২৬) গলাকাটা লাশ উদ্ধার করেছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক অটোরিকশাচালক খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে খুন হওয়া আইয়ুব আলী হবিগঞ্জ সদর উপজেলার আদপাশা গ্রামের মুরাই মিয়ার ছেলে। গতকাল সকালে নির্মাণাধীন ভবনের কাছে একটি পুকুরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ গিয়ে আইয়ুব আলীর লাশ উদ্ধার করে। ভবনটির মালিক সাবেক পুলিশ সুপার এ টি এম তারেক। আইয়ুব আলীর মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নির্মাণাধীন ভবনের সিমেন্ট চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করতে পারে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, আইয়ুব আলী ভবনটির দেখাশোনা করতেন। তাঁর কোনো শত্রু ছিল না। তদন্ত চলছে। এখনো মামলা হয়নি।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): গতকাল সকাল ১০টার দিকে সরাইলের বছিউড়া গ্রামের এক কৃষক ঘাস কাটতে গিয়ে ফসলি জমিতে এক যুবকের (২৬) গলাকাটা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে। উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এই যুবককে ধরে এনে ওই জমিতেই গলা কেটে হত্যা করা হয়েছে।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জুয়েল মিয়া (২৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সোহাতা নামক স্থানে নির্মাণাধীন একটি ভবনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ জালাল বলেন, জুয়েলের গলায় গামছা প্যাঁচানো ছিল। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর গ্রামের মলাই মিয়ার ছেলে। জুয়েল তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।