ব্রাহ্মণবাড়িয়া শহরের দুই ব্যবসায়ীর খোঁজ মিলছে না
ব্রাহ্মণবাড়িয়া শহরের দুই ব্যবসায়ী গ্রাহক, পাওনাদার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল উধাও হন শহরের মুঠোফোন ও খুচরা যন্ত্রাংশ বিক্রেতা প্রতিষ্ঠান অনিক টেলিকমের মালিক জসিম উদ্দিন। ২৭ এপ্রিল জসিমের স্ত্রী করুনা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক দিন পর রবি কোম্পানি অনুমোদিত পরিবেশক ব্রাহ্মণবাড়িয়া শহরের টোটাল কমিউনিকেশনের স্বত্বাধিকারী কাজী আরজু ঢাকায় নিখোঁজ হন। এ ঘটনায় ২৯ এপ্রিল কাজী আরজুর পরিবারের পক্ষ থেকে ঢাকার বনানী থানায় এবং পাওনাদারের ভয়ে নিরাপত্তার জন্য তাঁর স্ত্রী রাবেয়া বেগম ৬ মে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি জিডি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ এপ্রিল আরজু ব্যক্তিগত কাজে ঢাকায় যান। পরদিন তিনি ব্র্যাক ব্যাংকের মতিঝিলের একটি শাখা থেকে ২৭ লাখ টাকা উত্তোলন করেন। আরজু ওই দিন বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত তাঁর পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এর পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রবির ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ব্যবস্থাপক সালমান বিন আজম বলেন, আরজু নিখোঁজ হয়েছেন—এমনটি তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। টোটাল কমিউনিকেশনের অধীনে জেলার সাতটি উপজেলায় তাদের ২ হাজার ৬০০ খুচরা বিক্রেতার দোকান রয়েছে। গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আরজু শহরের ঘাটুরা, মেড্ডা তিতাসপাড়া এলাকার তাঁর দুই বাড়ি ও পাইকপাড়া এলাকার তাঁর চাচাতো ভাই কাজী শাহজাহানের বাড়ি বন্ধক দিয়ে ওয়ান ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে তিন কোটি টাকা ঋণ নিয়েছেন। এ ছাড়া শহরের কলেজপাড়া এলাকার মানিক মিয়ার কাছ থেকে ৭০ লাখ, কান্দিপাড়ার এস এম ইদ্রিসের কাছ থেকে ৫৪ লাখ, মেড্ডা এলাকার মাহবুবুল আলমের কাছ থেকে ৩৫ লাখ টাকাসহ তাঁর কয়েক কোটি টাকার ঋণ আছে। শহরের মসজিদ রোডে অবস্থিত ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপক খন্দকার মো. কবির বলেন, আরজু তাঁদের শাখা থেকে ৩০ লাখ টাকা ঋণ নিয়েছেন। বর্তমানে আরজুর কাছে ২৫ লাখ ৫২ হাজার টাকা পাওনা রয়েছে।
আরজুর চাচাতো ভাই কাজী শাহজাহানের ছেলে কাজী রুবায়েত ইসলাম বলেন, তাঁর চাচা নিখোঁজ নাকি অপহৃত হয়েছেন, তা তাঁরা জানতে পারছেন না। পাওনাদারেরা প্রতিনিয়তই বাড়িতে ভিড় করছেন। তাঁরা নানা রকম হুমকিও দিচ্ছেন।
এদিকে জসিম উদ্দিনের শহরের মসজিদ মার্কেটের দুটি ও সদর মডেল থানার পাশের ব্যবসাপ্রতিষ্ঠান তালাবদ্ধ রয়েছে। জসিমের ঋণের পরিমাণ ৮ থেকে ১০ কোটি টাকা হবে বলে ধারণা পাওয়া গেছে। বিষয়টি স্বীকার করে তাঁর স্ত্রী করুনা বেগম বলেন, জসিম কোথায় আছেন, তা তিনি জানেন না। তবে জসিম বিদেশে যাননি বলে তিনি দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আরজুর ব্যাপারে ঢাকায় জিডি হয়েছে। আর জসিমের বিষয়ে আমাদের তদন্ত অনেক এগিয়েছে। আশা করি, ভালো ফল পাওয়া যাবে।’