ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
ব্রাহ্মণবাড়িয়া শহরে অজিত দাস (৪৭) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
অজিত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শহরের পূর্ব পাইকপাড়ার বাসিন্দা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, সকালে অজিত মেড্ডা এলাকার মাছ বাজারের ভেতরে রমজানের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দা উজ্জ্বল মিয়াসহ আরও দুজন কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং অজিতকে দোকানের ভেতরে ফেলে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিক্ষুব্ধ লোকজন ঘটনার প্রতিবাদে হাসপাতাল থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, উজ্জ্বলের চাঁদাবাজির ঘটনায় এলাকার লোকজন প্রায় অজিতের কাছে আসত। লোকজনের এসব সমস্যায় অজিত এগিয়ে আসতেন বলেই সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা করেছে।
অজিতের ছেলে অনিন্দ্য দাস বলেন, চাঁদাবাজির ঘটনায় এলাকার লোকজনের পাশে দাঁড়াতেন বলেই উজ্জ্বল ও তার লোকজন এ হামলা চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল পাশা বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনায় উজ্জ্বলের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।