ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি উপনির্বাচন, সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে ঘিরে হওয়া সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা তিনটার দিকে পেটুয়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া (২৫)। তিনি উপজেলার সাটিরপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে। নিহত বাবুল চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুল হক ওরফে হামদুর সমর্থনকারী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, সাটিরপাড়া গ্রামের চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুল হক ও পেটুয়াজুড়ি গ্রামের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন শাহ আলমের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এতে সাটিরপাড়ার বাবুল মিয়াসহ (৩২) বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। বাবুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। আহত অন্যদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, পেটুয়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সংঘর্ষ থামাতে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। সে সময় কয়েকজন আহত হন। এঁদের মধ্যে একজন পরে হাসাপাতালে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশের গুলিতে নিহত হয়েছে কি না ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা বলা যাবে।
নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন। আওয়ামী লীগের সমর্থক হামিদুল হক দুই হাজার ২৪১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।