ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় দোকানিকে গুলি
চাঁদা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া খালপাড় এলাকার এক দোকানের মালিক ফয়সাল আহমেদ ওরফে ময়না (২৭)সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।
ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
ফয়সাল শহরের মধ্যপাড়া তালতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ফয়সালের বড় ভাই সাকিল আহমেদ জানান, মাস খানেক আগে ওই এলাকায় ফাস্টফুডের দোকান দেন ফয়সাল। এরপর পূর্ব মেড্ডার রনিসহ কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করে। দুদিন আগে চাঁদা দাবির ঘটনায় রনির সঙ্গে ফয়সালের ধস্তাধস্তি হয়। এর জের ধরেই ফয়সালকে গুলি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রনিসহ তাঁর কয়েকজন সহযোগী দোকানে ঢুকে ফয়সালকে দুটি গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এর মধ্যে একটি গুলি ফয়সালের পিঠে লাগে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, ফয়সালের পিঠে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি বলে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল পাশা জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।