ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় তিন মাদক ব্যবসায়ীর আস্তানা ও বাড়িঘর ভাঙচুর করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার শিমরাইলকান্দি কমিউনিটি পুলিশের উদ্যোগে শ্মশানঘাট এলাকায় মাদকবিরোধী সমাবেশ শেষে এই ভাঙচুর করা হয়।
এ সময় জহিরুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ও এলাকাবাসীর দাবি, জহিরুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে কমিউনিটি পুলিশের স্থানীয় সদস্য আবদুস ছাদেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
সমাবেশে এলাকার লোকজন বলেন, জহিরুল, কালু মিয়া ও আনোয়ার হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে এই তিনজনের আস্তানা ও বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ছাড়া জহিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা বড়ি উদ্ধার করে।
মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙে দেওয়ার এ ঘটনায় এলাকাবাসীর উদ্যোগের প্রশংসা করেন পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, ‘সব পাড়া ও মহল্লার লোকজনের এমন উদ্যোগ নেওয়া উচিত। এভাবে উদ্যোগ নিলে মাদকের বিস্তার থেকে আমরা মুক্ত হতে পারব।’
বিকেল সাড়ে চারটার দিকে সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, জহিরুলের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।