ব্রাহ্মণবাড়িয়ায় দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার কুমারপাড়া গ্রামের বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানার এক কর্মচারীর বিরুদ্ধে তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুমারপাড়া গ্রামের নরেশ পালের ছেলে মিঠুন পাল (২২) ও তাঁর স্ত্রী বিউটি রানী পাল (১৯) এবং যমুনা সার কারখানার মাস্টার টেকনিশিয়ান তৈয়মুর আজাদের স্ত্রী রোকেয়া বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও নবীনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বিজয়নগর উপজেলার কুমারপাড়া গ্রামের মানিক পালের মেয়ে বিউটির সঙ্গে মিঠুনের বিয়ে হয়। প্রায় আট মাস আগে মিঠুন ও বিউটি ভারতের ত্রিপুরায় চলে যান। ১৫-২০ দিন আগে তাঁরা দেশে ফিরে আসেন। গতকাল সকালে বিউটির শাশুড়ি বিনা রানী পাল তাঁদের কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধাক্কা দেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান। পরে তাঁরা দরজা ভেঙে কক্ষের ভেতরে ঢুকে তাঁদের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মেসবাহ উদ্দিন বলেন, দোচালা টিনের ঘরের চালের কাঠের মধ্যে একটি শাড়ির দুই প্রান্ত গলায় পেঁচিয়ে তাঁরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নবীনগর থানার ওসি ইমতিয়ার আহমেদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ ও যমুনা সার কারখানার কলোনি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তৈয়মুর আজাদ (৫৫) ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম কারখানার কলোনিতে বসবাস করছেন। গতকাল সকাল নয়টার দিকে তাঁদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তৈয়মুর আজাদ রোকেয়ার গলা চেপে ধরেন। পরে দরজায় আঘাতের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তৈয়মুর পালিয়ে যান। পরে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোকেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। রোকেয়ার বাবার বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। তাই চেষ্টা করেও তাঁর বাবার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোনো কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।