ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আল আমিন (২৮) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের মেড্ডা সরকারি শিশু পরিবারসংলগ্ন একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহত যুবকের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, সাদাপোশাক পরিহিত চার থেকে পাঁচজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে আল আমিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পুলিশই আল আমিনকে গুলি করে হত্যা করেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

আল আমিন শহরের কান্দিপাড়া গ্রামের মাইমল মহল্লার জিল্লু মিয়ার ছেলে। আল আমিনের তিনটি শিশুসন্তান রয়েছে। পুলিশের ভাষ্য, মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুলি ছোড়ার সময় আল আমিন নিহত হয়ে থাকতে পারেন। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তিনটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে শহরের মেড্ডা সরকারি শিশু পরিবার এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। পরে রাতেই পুলিশে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছার পরপরই গুলির শব্দ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর গুলিবিদ্ধ অবস্থায় আল আমিনের লাশ দেখতে পায় পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, দুটি কার্তুজ ও পাঁচটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের স্ত্রী তানজিনা বেগম ও চাচা ইলু মিয়া অভিযোগ করে বলেন, গতকাল বিকেল চারটার দিকে মো. আশরাফ নামের সদর থানার এক উপপরিদর্শকের (এএসআই) নেতৃত্বে সাদাপোশাক পরা পাঁচ-ছয়জন পুলিশ সদস্য কান্দিপাড়ার গ্রামের মাইমলপাড়া মহল্লা থেকে আল আমিনকে ধরে সদর থানায় নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে দুজন তথ্যদাতা ছিলেন। তখন পুলিশ আল আমিনকে মারধর করে বলেও অভিযোগ করেন তিনি। তাঁরা অভিযোগ করে বলেন, পুলিশই আল আমিকে গুলি করে হত্যা করেছে। আল আমিন মাদক ব্যবসা করতেন কি না, জানতে চাইলে তাঁরা বলেন, তিনি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন। আল আমিনের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই বলে তাঁরা জানান।

শহরের কান্দিপাড়া গ্রামের কয়েকজন লোক নাম প্রকাশ না করা শর্তে জানান, আল আমিন এলাকায় মাদকের ব্যবসা করতেন।

সদর থানার এএসআই মো. আশরাফের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এএসআই আশরাফ গতকাল ওই এলাকায় যায়নি। এমনকি পুলিশের কেউ সেখানে গিয়েছে—এমন কোনো ঘটনা ঘটেনি। নিহত যুবকের পরিবারের লোকজন ঘটনাটি মনগড়ামতো বানিয়ে পুলিশের বিরুদ্ধে বলার চেষ্টা করছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার পর গুলিবিদ্ধ আল আমিনের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি।’

ওসি বলেন, আল আমিন কান্দিপাড়া মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে তিনটি মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির সময় আল আমিন নিহত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। কোনো পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে—এমন কোনো তথ্য আমাদের জানা নেই।’