ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গত দুই দিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ২০-২৫টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ ব্যক্তিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজঘর গ্রামের বাসিন্দা নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুর রউফ ও পাশের থলিয়ারা গ্রামের বাসিন্দা আইনজীবী আলী আজমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে গত শুক্রবার রাতে রাজঘর গ্রামে ওই দুই পক্ষের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল শনিবার রাজঘর গ্রামের মাঠে উভয় পক্ষের লোকজন সালিসে বসেন। এ সময় আলী আজমের পক্ষের লোকজন রাজঘর গ্রামের লোকজনের ওপর হামলা চালান। পরে উভয় পক্ষের কয়েক শ লোক লাঠিসোঁটা, দা, বল্লম, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেলা একটা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হন। এ ছাড়া থলিয়ারা বাজারের ঝিলন মার্কেটের পাঁচ-ছয়টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। সংঘর্ষে গুরুতর আহত আলী আকবর (৪০), নওয়াব মিয়া (৪৩) ও নাসির উদ্দিনকে (৩৮) ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে কথা বলতে আলী আজম ও আবদুর রউফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা ফোন ধরেননি। সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ সংঘর্ষস্থল থেকে ১৫ জনকে আটক করেছে।