ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় আইনজীবী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজি ও বিস্ফোরণের ঘটনায় মামলা করায় আইনজীবী ও প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি তারেকুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় তারেকুল (২৯) আহত হন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
তারেকুলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকার নোমান মিয়া ও তাঁর ভাই বাবু মিয়া, জাবেদ মিয়া, সাদ্দাম মিয়া, আরাফত গুড্ডু ও তাঁর ভাই সোহেল মিয়াসহ একদল সন্ত্রাসী পিস্তল, রামদা, ছুরি, লাঠি নিয়ে তারেকুলের বাসায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে তারেকুলকে মারধর করে। তারা ঘরের আসবাব ভাঙচুর ও জিনিসপত্র লুট করে। পরে স্থানীয় লোকজন তারেকুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর সোহেল মিয়া ও আরাফাত গুড্ডুর নেতৃত্বে সন্ত্রাসীরা তারেকুলের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই দিন রাতেই তারা তারেকুলের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তারেকুল বাদী হয়ে সোহেল ও গুড্ডুকে আসামি করে সদর থানায় একটি চাঁদাবাজি ও বিস্ফোরণের মামলা করেন। চলতি বছরের ৮ মার্চ সোহেল ও গুড্ডুকে ঘটনায় জড়িত দেখিয়ে আদালতে ওই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।
তারেকুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও বোমা হামলার ঘটনায় অভিযোগপত্র দায়ের করায় এলাকার ওই সন্ত্রাসীরা তাঁর বাড়িতে আবার হামলা চালিয়ে তাঁকে মারধর করেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।
এ ব্যাপারে গতকাল যোগাযোগ করা হলে সোহেল ও জাবেদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আর নোমানের মুঠোফোনে ফোন করলে তিনি ধরেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।