ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় দুই পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়ায় ছিতাইকারীকে ধরতে গিয়ে ছিনতাইকারীর পরিবারের সদস্য ও সহযোগীদের হামলায় পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গত শনিবার রাতে শহরের কাজীপাড়া দরগা মহল্লায় এই ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) দেলোয়ার হোসেন (৪২), কসস্টেবল জাহিদ হাসান (৩২) ও কাজীপাড়া এলাকার ছাত্রলীগের সাবেক নেতা গোলাপ মিয়া (৩৪)। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত শনিবার রাতে কনস্টেবল জাহিদ হাসানকে নিয়ে শহরে টহলে বের হন টিএসআই দেলোয়ার। একপর্যায়ে কাজীপাড়া এলাকায় যান। রাত পৌনে ১১টার দিকে কাজীপাড়া দরগা মহল্লা এলাকার কসাই জীবন মিয়ার ছেলে ছিনতাইকারী সাদ্দামকে দেখে তাকে ধরতে যান দেলোয়ার। এ সময় সাদ্দামকে আটক করলে সে চিৎকার শুরু করে। এরপর সাদ্দামের পরিবারের সদস্য ও তাঁর সহযোগীরা দেলোয়ার ও জাহিদের ওপর হামলা চালায়। তারা রড ও লোহার পাইপ দিয়ে তাঁদের মাথায় ও পায়ে আঘাত করে। তাঁদের বাঁচাতে এগিয়ে এলে ছাত্রলীগ নেতা গোলাপ মিয়াও আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পর শনিবার রাতেই সাদ্দামের স্ত্রী তাসলিমা বেগম (১৮) ও তাঁর বাবা জীবন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টিএসআই দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ‘সাদ্দামকে আটক করলে পেছন থেকে তাঁর ভাই ওমর মিয়া রড দিয়ে আমার মাথায় আঘাত করে এবং সামনে থেকে তাকবির মিয়া নামে এক সহযোগীও আঘাত করে। তাঁদের সহযোগিতায় সাদ্দাম আমার হাত থেকে ছুটে চিৎকার শুরু করলে বাড়ির ভেতর থেকে তার বাবা জীবন মিয়া, মা, বোনসহ পরিবারের মহিলা সদস্যরা ও সহযোগীরা বেড়িয়ে এসে আমাদের ওপর হামলা চালায়।
সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রুহুল মঞ্জুর জানান, আহত পুলিশ সদস্য দেলোয়ারের মাথার পেছনের দিকে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ছিনতাইকারী সাদ্দামের বিরুদ্ধে থানায় পাঁচ-সাতটি মামলা রয়েছে। পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় শহর সহকারী উপপরিদর্শক (এটিএসআই)
হুমায়ূন কবীর বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় সাদ্দামের বাবা ও স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।