ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার বিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে বিরামপুর গ্রামে একটি মাজারে ওরস চলছিল। রাতে পাশের সিন্ধুরা গ্রামের বাসিন্দা ও নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দিনের ছেলে মাসুদ মিয়া ওই ওরসে যান। সে সময় তুচ্ছ ঘটনায় মাসুদ মিয়ার সঙ্গে বিরামপুর গ্রামের বাসিন্দা গাজী মিয়ার ছেলে আশিক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে স্থানীয় লোকজন তাঁদের বুঝিয়ে যাঁর যাঁর বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত সুরুজ আলী (৩৫), হারুন মিয়া (৪০), জাবেদ মিয়া (২৮), আলী হোসেন (৩৫) ও জমসেদ মিয়া (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের ঘটনায় সিন্ধুরা গ্রামের সোলায়মান হোসেন, মো. সফর, গোলজার হোসেন ও সফর আলী এবং পৈয়াগ গ্রামের আবদুল কাদেরকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।