ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলার সব কটি উপজেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১টি পদে ১৭২ জনকে নিয়োগে অনিয়ম ও বিপুল পরিমাণ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাসকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ নির্দেশ দেওয়া হয়।
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয় ছাড়াও নির্দেশটির অনুলিপি ১২টি সরকারি কার্যালয়ে পাঠানো হয়। এতে সিভিল সার্জন নারায়ণ চন্দ্রকে তিন কার্যদিবসের মধ্যে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে সিভিল সার্জন (ওএসডি) হিসেবে যোগ দিতে বলা হয়েছে। তা না হলে ৭ আগস্টের পূর্বাহ্ণে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এদিকে ‘ঘুষ নিয়ে’ চাকরি না দেওয়ার অভিযোগে গত শনিবার রাতে নারায়ণ চন্দ্রসহ চারজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ছয়জন প্রার্থী ১৮ লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি না পাওয়ার অভিযোগ এনে তাঁদের পক্ষে পৌর এলাকার আমিনপুর গ্রামের এমএলএসএস পদে চাকরিপ্রার্থী আরিফুর রহমান এ অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি পুলিশ সুপারের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।
জিডিতে সিভিল সার্জন ছাড়াও তাঁর কার্যালয়ের হিসাবরক্ষক খন্দকার শফিকুর রহমান, স্টোরকিপার হাবিবুর রহমান ও পরিসংখ্যানবিদ প্রেষণে সিভিল সার্জনের কার্যালয়ে কর্মরত আশরাফ আহমেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
এদিকে নিয়োগ বাতিল ও সিভিল সার্জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বেলা ১১টার দিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়। প্রতিবাদ সভা চলাকালে কয়েকজন বিক্ষোভকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইটপাটকেল ছোড়েন ও ভাঙচুর চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে কসবা-কুটি চৌমহনী সড়কে সিভিল সার্জন নারায়ণ চন্দ্রের কুশপুত্তলিকা দাহ করা হয়।
প্রতিবাদকারীদের একটি অংশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হুসাইনকে ‘ঘুষের বিনিময়ে’ নিয়োগ পাওয়া ব্যক্তিদের যোগদান গ্রহণ না করতে হুঁশিয়ারি দেন। অন্যথায় আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সতর্ক করেন।
এ বিষয়ে ইকবাল হুসাইন বলেন, ‘স্বাস্থ্য সহকারী পদে ১৪ জন নিয়োগ পেয়েছেন। তাঁদের ৩১ জুলাইয়ের মধ্যে যোগদানের কথা ছিল। নিয়োগ পাওয়া ব্যক্তিরা যোগদানপত্র জমা দিয়েছেন। কিন্তু স্থানীয় চাপের কারণে তাঁদের যোগদানপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়েছি।’
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাক ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানায় স্বাস্থ্য বিভাগের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় স্বাস্থ্য সহকারীসহ ১১টি পদে মোট ১৭২ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত ২৪ জুলাই নিয়োগের ১৭২ জনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়।
অভিযোগ রয়েছে, কয়েকজন অসাধু কর্মকর্তার সহযোগিতায় নারায়ণ চন্দ্র ১৭২ জনের প্রায় প্রত্যেকের কাছে চার থেকে পাঁচ লাখ টাকা করে ঘুষ নেন। এ ঘটনায় গত শনিবার ‘সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে থানায় জিডি’ শিরোনামে প্রথম আলোর শেষের পাতায় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর নারায়ণ চন্দ্রকে ওএসডি করা হলো। জানতে চাইলে গতকাল বেলা তিনটার দিকে মুঠোফোনে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র।