নিখোঁজের পাঁচ দিন পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সাজিদ উল্লাহ (৫) এক নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন।
সাজিদ উল্লাহ সুহিলপুর গৌতমপাড়ার হোসেন মিয়ার ছেলে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলার সময় সাজিদ উল্লাহ নিখোঁজ হয়। পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। এ ঘটনায় পরের দিন সাজিদ উল্লাহর বাবা হোসেন মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে স্থানীয় লোকজন জাঙ্গাল গ্রামের জরিনা বেগমের ফসলি জমিতে শিশুটির গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
এদিকে মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের শ্যামপুর গ্রামে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে খুন হয়েছেন আবদুস ছাত্তার ফকির (৭৩)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ করা নিয়ে ছাত্তারের সঙ্গে তাঁর ভাতিজা আছমত মিয়া, উছমান মিয়া, লাল মিয়ার বিরোধ চলছিল। গতকাল সকালে এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ভাতিজারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ছাত্তারের ওপর হামলা করেন। এ সময় তাঁরা দা দিয়ে তাঁকে কোপান। এতে ঘটনাস্থলেই ছাত্তারের মৃত্যু হয়। হামলাকারীরা ছাত্তারের বাড়িঘরও ভাঙচুর করেন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর চার ছেলেও আহত হন।