ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণে রাব্বি মিয়া (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার শিশুদের বাড়ির আঙ্গিনায় এই ঘটনা ঘটে।

রাব্বি (৫) অটোরিকশাচালক আবদুল লতিফ মিয়ার ছেলে। লতিফ শিমরাইলকান্দি বড় বাড়ির নোয়াব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী, শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির উঠানে শিশু রাব্বি একাই খেলা করছিল। এ সময় বাড়ির উঠানের এক কোণে থাকা আবর্জনায় স্কচটেপ মোড়ানো কিছু দেখতে পায় রাব্বি। সেটিকে খেলনা মনে করে খেলা শুরু করে সে। একপর্যায়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে পরিবারের লোকজন দ্রুত ছুটে এসে রাব্বিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফায়েজুর রহমান প্রথম আলোকেবলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার পেটে, বুকের পাঁজরের নিচের অংশসহ সারা শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। তার নাড়িভুঁড়ি সব দেখা যাচ্ছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিশুটির বাবা আবদুল লতিফ বলেন, বাড়ির উঠানে খেলা করার সময় স্কচটেপ মোড়ানো ককটেলকে খেলনা মনে করে খেলা শুরু করে রাব্বি। হাত থেকে পড়ে হয়তো বিস্ফোরিত হয়ে থাকতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক নাজমুল আলম বলেন, ককটেলের বিস্ফোরণের কারণেই এ ঘটনাটি ঘটেছে বলে শিশুটির পরিবার জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।