ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তার (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ পার্শ্ববর্তী শিমরাইলকান্দি এলাকার আবদুল জলিলের মেয়ে।
শারমিনের পরিবারের লোকজন জানান, পাঁচ বছর আগে কলেজপাড়ার কালন মিয়ার ছেলে সোলায়মানের সঙ্গে শারমিনের বিয়ে হয়। দেড় বছর আগে সোলায়মান নরসিংদীতে দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়ের পর থেকেই শারমিনের সঙ্গে সোলায়মানের পারিবারিক কলহ শুরু হয়। এর পর থেকে সোলায়মান প্রায়ই শারমিনকে মারধর করতেন। তাঁরা আরও জানান, শারমিন প্রায়ই তাঁকে নির্যাতনের কথা তাঁদের জানাতেন। বৃহস্পতিবার সকাল থেকে সোলায়মান শারমিনকে কয়েকবার মারধর করেন। পরে রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করে সদর হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।