ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কর্মকর্তাকে কুপিয়ে জখম
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরীকে তাঁর কার্যালয়ে ঢুকে কুপিয়ে আহত করেছে একদল যুবক। অবৈধভাবে ভোটার না করায় ওই যুবকেরা তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বেলায়েত হোসেন চৌধুরী জানান, বেলা আড়াইটার দিকে ১৮ থেকে ২১ বছর বয়সী তিন যুবক তাঁর কার্যালয়ে এসে তাৎক্ষণিকভাবে তাদের ভোটার করতে বলে। তিনি তাদের বসার অনুরোধ করে ভোটার হওয়ার নিয়মাবলি বলতে থাকার একপর্যায়ে যুবকেরা তাঁর মাথায় কোপাতে থাকে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে কার্যালয়ের লোকজন আসার পর যুবকেরা পালিয়ে যায়। পরে আহত ওই কর্মকর্তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়।
হাসপাতালের চিকিৎসক এমরান হোসেন জানান, বেলাল হোসেনের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ওই যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।