ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী খুন ভালুকায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গতকাল বৃহস্পতিবার মাহবুবুর রহমান খান (২৯) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। একই দিন ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাশিদা আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাহবুবুর নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার ফজলুর রহমান খানের ছেলে। দুই মাস আগে তিনি সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণীকে আটক করেছে পুলিশ।
ওই তরুণীর বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ বলেন, শহরের কাউতলী এলাকার ওই তরুণীর সঙ্গে আড়াই বছর ধরে মাহবুবুরের প্রেমের সম্পর্ক চলছিল। গত বুধবার রাতে চট্টগ্রামগামী তূর্ণ এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন মাহবুবুর। গতকাল ভোররাতে ওই তরুণী ও মাহবুবুরের মধ্যে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের রেলগেট এলাকায় দুর্বৃত্তরা মাহবুবুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় শহরের এক রিকশাচালকের সহযোগিতায় ওই তরুণীর বাসায় খবর পাঠানো হয়। খবর পেয়ে ওই তরুণী ও তাঁর মা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুরকে মৃত ঘোষণা করেন। মাহবুবুর রহমানের মা নুরুন্নাহার বেগম বলেন, গত বুধবার দুপুরে ঢাকার উত্তরা যাওয়ার কথা বলে মাহবুবুর বাড়ি থেকে বের হন। মাহবুবুর কীভাবে ব্রাহ্মণবাড়িয়ায় এল তা তিনি জানেন না।
সদর থানার ওসি আকুলচন্দ্র বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে দুই থেকে তিনবার মেয়েটি জ্ঞান হারিয়েছেন। এখনো মাহবুবুরের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
ভালুকা থানা সূত্রে জানা গেছে, উপজেলার হবিরবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন রাশিদা ও তাঁর স্বামী মিজানুর রহমান। রাশিদার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর রঘুনাথপুর গ্রামে ও মিজানুরের বাড়ি মুক্তাগাছায়। তাঁরা হবিরবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল সকালে তাঁদের ঘর তালাবদ্ধ পাওয়া গেলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে চৌকির ওপর রাশিদার লাশ পড়ে থাকতে দেখে। এ সময় লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল।