ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীকে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় আল আমিন চৌধুরী (৩৫) নামের এক ওমান-প্রবাসীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা শহরের কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। তিনি সদর উপজেলার বিরামপুর গ্রামের মন মিয়া চৌধুরীর ছেলে।
আল আমিনের পরিবার ও পুলিশ জানায়, তিন মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে আসেন আল আমিন। দেড় মাস ধরে তিনি তাঁর স্ত্রী সাজেদা বেগম ও তিন বছর বয়সী মেয়ে ইমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের কলেজপাড়ার মাহবুব আলমের বাড়িতে ভাড়া আছেন।
আল আমিনের স্ত্রী সাজেদা বেগম জানান, আল আমিনের সঙ্গে গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে তাঁর শেষ কথা হয়েছিল। এরপর বৃহস্পতিবার সারা রাত ও গতকাল শুক্রবার সারা দিন ফোন করলেও আল আমিন ফোন ধরেননি। গতকাল মাগরিবের পর বাবার বাড়ি কসবা উপজেলার কুটি এলাকা থেকে তিনি (সাজেদা) মেয়েকে নিয়ে কলেজপাড়ার বাসায় আসেন। এ সময় তিনি ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ধাক্কা দিলে দরজা খুলে গেলে তিনি ভেতরে ঢুকে সব এলোমেলো দেখতে পান। শয়নকক্ষে গিয়ে তিনি খাটের ওপর আল আমিনের গলাকাটা লাশ দেখতে পান।