ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত সমাবেশে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এতে জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচি পণ্ড হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে তোফায়েল আজম সড়কের (টিএ রোড) জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাড়ে ১২টার দিকে হাসপাতাল সড়কে পৌঁছে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
এই সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদের দুই প্রার্থী আবুল বাশার ও দেলোয়ার হোসেনের মধ্যে নেতাদের সারিতে দাঁড়ানো নিয়ে হাতাহাতি হয়। পরে বাশার ও দেলোয়ারের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় সমাবেশস্থলের পাশে থাকা ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ অবস্থায় সমাবেশে উপস্থিত জেলা বিএনপির নেতারা দ্রুত সমাবেশস্থল ত্যাগ করেন। ফলে সমাবেশ পণ্ড হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, বিএনপির সমাবেশস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি রাবার বুলেট ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।